২৫ জুন ২০১৩ - ১৯:৩০
শেখ আল-আসিরকে নির্মূল করা হবে: লেবাননের সেনাবাহিনী

লেবাননের সেনাবাহিনী উগ্র সুন্নি নেতা, তাকফিরি শেখ আহমাদ আল-আসিরকে ‘নির্মূল করা’র হুমকি দিয়েছে।

বার্তা সংস্থা আবনা :  লেবাননের সেনাবাহিনী উগ্র সুন্নি নেতা, তাকফিরি শেখ আহমাদ আল-আসিরকে ‘নির্মূল করা’র হুমকি দিয়েছে।

সালাফি নেতা আল-আসিরের সমর্থক সশস্ত্র গোষ্ঠীর হামলায় ১৫ জন সৈন্য নিহত হওয়ার পর এ ঘোষণা  দিল লেবাননের সেনাবাহিনী।

আজ (সোমবার) লেবাননের মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত বৈঠকের পর এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘লেবাননের সেনাবাহিনীর একটি দায়িত্ব আছে, উগ্রবাদী সশস্ত্র ব্যক্তিদের নির্মূল করতে হবে; শেখ আহমাদ আল-আসিরের সদর দফতর নিয়ন্ত্রণে না আসা এবং সেনা চৌকিতে হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত এ অভিযান চলবে’।

লেবাননের প্রেসিডেন্ট মিশেল সোলায়মানের সভাপত্বিতে অনুষ্ঠিত এ বৈঠকে দেশটির সেনাবাহিনীর কমান্ডার, মন্ত্রিসভার সদস্যবৃন্দ এবং শীর্ষস্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এদিকে দক্ষিণ লেবাননে উগ্র সালাফি সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে সোমবার নতুন করে সেনাবাহিনীর সংঘর্ষে ৫২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

রাজধানী বৈরুত থেকে ৪০ কিলোমিটার দক্ষিণাঞ্চলীয় লেবাননের তৃতীয় বৃহত্তম শহর সিদনে এ সংঘর্ষ হয়েছে।